Saturday, June 6, 2026
আপডেট
  • কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রতিষ্ঠাতা

সামসুল কবির খান ( প্রতিষ্ঠাতা পরিচালক )

  • ফোন নম্বর: 01341-893822
  • ইমেইল: skkhan_04@yahoo.com
  • Person 01 Quotes

    প্রতিষ্ঠাতার বাণী
    সম্মানিত পাঠক, অভিভাবক ও দ্বীনপ্রেমী ভাই-বোন,
    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। “দুনিয়ার শিক্ষা মানুষকে মানুষ বানায়, আর দ্বীনের শিক্ষা মানুষকে খাঁটি বানায়।” আলহামদুলিল্লাহ! সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ তায়ালার, যিনি আমাদেরকে হিদায়াতের জন্য কুরআনুল কারীম দান করেছেন এবং হযরত মুহাম্মদ (ﷺ) কে রহমতস্বরূপ পাঠিয়েছেন। দরুদ ও সালাম প্রিয় নবীজীর প্রতি, যিনি আমাদেরকে দ্বীনের পূর্ণাঙ্গ পথ প্রদর্শন করেছেন। একটি স্বপ্ন, একটি দায়িত্ব এবং অন্তরের গভীর আকাঙ্ক্ষার নাম “কানিজ নেওয়াজ তা'লীমূল কোরআন একাডেমী এন্ড রিসার্চ ফাউন্ডেশন”। এই প্রতিষ্ঠান শুধু একটি শিক্ষা কেন্দ্র নয়, বরং এক ইবাদতের কেন্দ্রস্থল, কুরআন ও সুন্নাহর আলোকে শিশু- কিশোরদের চরিত্র গঠনের এক পবিত্র এক আদর্শ শিক্ষাঙ্গন । এর সূচনা হয়েছিল এক নিঃস্বার্থ দোয়ার মধ্য দিয়ে যে, হে আল্লাহ ! আমাকে এমন কিছু রেখে যেতে দাও, যা কিয়ামত পর্যন্ত সাওয়াবের দরজা খোলা রাখবে।”

    প্রতিটি মানুষের কাছে তার জন্মভূমি অত্যন্ত প্রিয়। আমার কাছেও আমার গ্রাম ছিলিমপুর অত্যন্ত পবিত্র ও প্রিয়। এখানেই আমি জন্মগ্রহণ করেছি, এখানকার মাটি ও মানুষের ভালোবাসায় আমার শৈশব কেটেছে। নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী ছিলিমপুর গ্রামে এই প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখেছি। মসজিদে নববীতে অবস্থিত “আসহাবে সুফফা” থেকে ইসলামী শিক্ষার যে যাত্রা শুরু হয়েছিল, আজও সেই আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি। আল্লাহ তায়ালা বলেন, “তোমাদের মধ্যে যাদেরকে ঈমান ও ইলম দান করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা উঁচু করে দেন” (সূরা মুজাদালা: ১১)।

    ইলম অর্জনের প্রতিটি পদক্ষেপ ইবাদত। এই চেতনা থেকেই আমি ২০০১ সালে “কানিজ নেওয়াজ তা'লীমূল কোরআন একাডেমী এন্ড রিসার্চ ফাউন্ডেশন” প্রতিষ্ঠা করেছি। এখানে কুরআন হাদিসের গভীর শিক্ষার পাশাপাশি আধুনিক কম্পিউটার শিক্ষা ও কারিগরি শিক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। যাতে কোনো ছাত্র পড়াশোনায় দুর্বল হলেও তার ভবিষ্যৎ অন্ধকার না হয়। সে যেন কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হয়ে দ্বীন ও সমাজের খেদমতে নিজেকে নিয়োজিত করতে পারে।

    এই প্রতিষ্ঠান কোনো আর্থিক লাভ বা খ্যাতির উদ্দেশ্যে নয়। এটি আমার পরকালীন মুক্তির বাহন এবং সদকায়ে জারিয়ার একটি মাধ্যম। আমি বিশ্বাস করি, মানুষ মরেও অমর হয় যদি সে এমন কাজ রেখে যায়, যা আল্লাহর রাহে চলতে থাকে। আমাদের মাদ্রাসায় শুধু হিফজ ও কিতাব নয়, শেখানো হয় জীবনের আদর্শ-ইনসাফ, তাকওয়া, বিনয়, দয়া ও নৈতিকতা। আমরা চাই আমাদের ছাত্ররা কুরআনের হাফেজ হওয়ার পাশাপাশি জীবন্ত কুরআন হয়ে উঠুক।

    প্রতিষ্ঠান গড়ার পথে নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতা অতিক্রম করতে হয়েছে। আল্লাহর অশেষ রহমতে আজ এটি দাঁড়িয়ে আছে। আমি দিনরাত এর উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আমার একান্ত ইচ্ছা এই প্রতিষ্ঠান একদিন নেত্রকোনাসহ সারা দেশের জন্য দ্বীনি জ্ঞানচর্চা ও নৈতিক নেতৃত্বের এক আলোকস্তম্ভে পরিণত হবে।
    আমি সকল দ্বীনদার ভাই-বোন, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের নিকট দোয়া ও আর্থিক সহযোগিতা কামনা করছি। আল্লাহ যেন আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন এবং এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখেন।

    পরিশেষে দোয়া: হে আল্লাহ! আমাকে ও আমার বংশধরদেরকে সালাত কায়েমকারী এবং ইসলামের খাদেম বানাও। আমাদের এই প্রতিষ্ঠানকে তোমার দ্বীনের খেদমতে কবুল করো। আমাকে, আমার পিতা-মাতা ও সকল মুমিনকে ক্ষমা করে দাও। আমাদের সকল কাজের পরিণাম সুন্দর করো এবং দুনিয়া ও আখিরাতের সকল লাঞ্ছনা থেকে রক্ষা করো। আমিন।
    সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওয়া আখিরু দা‘ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামীন।

    আপনাদের দ্বীনি খাদেম,
    সামসুল কবির খান
    প্রতিষ্ঠাতা ও পরিচালক
    কানিজ নেওয়াজ তা'লীমূল কোরআন একাডেমী এন্ড রিসার্চ ফাউন্ডেশন
    ছিলিমপুর, কেন্দুয়া, নেত্রকোনা।

    হোয়াটসাঅ্যাপ চ্যাট
    মেসেঞ্জার চ্যাট